neexra

নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27 মার্চ 2026, 04:59 অপরাহ্ন পঠিত: 74 বার
নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
ছবি: সংগৃহীত

নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
আন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গাম
র‍্যাপার থেকে রাজনীতিতে উঠে আসা বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাকে শপথ পাঠ করান। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে শাহের পরনে ছিল আঁটসাঁট ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় কালো নেপালি টুপি এবং চোখে সানগ্লাস—যা তার স্বতন্ত্র স্টাইলকেই সামনে নিয়ে আসে। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে দীর্ঘদিন ধরে ভুগতে থাকা নেপালের জন্য তার নেতৃত্ব নতুন প্রত্যাশা তৈরি করেছে।
গত ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।
রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম কনিষ্ঠ প্রধানমন্ত্রী। একই সঙ্গে মাধেসি নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রথম নেতা হিসেবে তিনি দেশটির শীর্ষ পদে বসলেন।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সময়কার সহিংসতার তদন্ত বাস্তবায়ন করা। দীর্ঘদিনের বেকারত্ব, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দায়িত্ব নিয়েছেন শাহ।
ভারত ও চীনের মাঝে অবস্থিত নেপালে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা নতুন কিছু নয়। ১৯৯০ সালের পর থেকে একাধিক সরকার এলেও খুব কমই পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। ফলে বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন সরকার কতটা স্থিতিশীলতা আনতে পারে—সেদিকেই এখন নজর সবার।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra