জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ: দলের নাম সংশোধনের আহ্বান এডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরের
জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ: দলের নাম সংশোধনের আহ্বান এডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরের
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম সংশোধনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ আবদুল্লাহ নাসির। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে এডভোকেট শেখ আবদুল্লাহ নাসির উল্লেখ করেন, আপাতদৃষ্টিতে দেশের জনগণের কাছে ইসলামের ভাবমূর্তির ক্ষেত্রে জামায়াতে ইসলামী একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দলটির এমপি পদপ্রার্থী ও শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে বেশ কিছু নারী কেলেঙ্কারির অভিযোগ উঠে এসেছে, যা প্রাথমিকভাবে জনগণের কাছে প্রমাণিত বলে মনে হচ্ছে।
তিনি আরও বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিতর্কের কারণে সাধারণ মানুষের একাংশের মধ্যে ‘ইসলাম’ শব্দটিকে ঘিরে এক ধরনের নেতিবাচক ধারণা বা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। ফলে প্রকৃত মুমিন-মুসলমানদের সম্মান, ইসলামের সঠিক ভাবমূর্তি রক্ষা এবং সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে জামায়াতে ইসলামীকে তাদের দলের নাম পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তিনি দলটির নেতৃবৃন্দের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।