মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক
শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক
আজকের পয়গাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে দায়ের করা মামলা আগামীকালের (২৫ জুন) মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে দলটি। অন্যথায় আগামী ২৬ জুন শুক্রবার ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
আজ ২৪ জুন, বুধবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন,
"মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শীর্ষ রাহবার। কেবল রাজনৈতিক বক্তব্যের জের ধরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা একটি সুস্পষ্ট ফ্যাসিবাদী আচরণ। নতুন বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।"
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৫ জুনের মধ্যে এই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা না হলে, ২৬ জুন শুক্রবার দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
লংগদুতে নেতাকে কুপিয়ে জখমের নিন্দা ও বিচার দাবি
জরুরি বৈঠকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় দলের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। মাওলানা ইউনুছ আহমদ অভিযোগ করেন, লংগদু উপজেলার ৩ নং গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ নির্মমভাবে কুপিয়ে মাওলানা মান্নানকে মারাত্মক জখম করেছে। এ ঘটনায় প্রশাসনকে অবিলম্বে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জরুরি বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
- মাওলানা গাজী আতাউর রহমান (যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র)
- ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (যুগ্মমহাসচিব)
- অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (যুগ্মমহাসচিব)
- কে এম আতিকুর রহমান (সহকারী মহাসচিব)
- মাওলানা নেছার উদ্দিন (সহকারী মহাসচিব)
- শেখ ফজলুল করীম মারুফ (কেন্দ্রীয় প্রচার সম্পাদক)