neexra

জরুরি সেবা ছাড়া অন্য গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিএ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03 আগ. 2026, 03:47 অপরাহ্ন পঠিত: 44 বার
জরুরি সেবা ছাড়া অন্য গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিএ
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি | আজকের পয়গাম

​অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধারকারী যান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত গাড়ি ব্যতীত অন্য সব ধরণের মোটরযানে তীব্র, কর্কশ ও বিকট শব্দের হর্ন বা হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

​বিআরটিএ জানায়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বহুমুখী ও হাইড্রোলিক হর্ন কিংবা উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ধরনের শব্দদূষণ চালকদের মধ্যে বেপরোয়া মানসিকতা গড়ে তোলে এবং দ্রুতগতিতে গাড়ি চালনায় প্ররোচিত করে, যা সড়ক দুর্ঘটনার হার বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া সাধারণ যানবাহনে এ ধরনের যন্ত্রের ব্যবহার জনভোগান্তি ও গণ-উপদ্রব সৃষ্টি করছে, যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

​কর্তৃপক্ষের এই নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত জরুরি সেবার বাহন ছাড়া অন্য যেকোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা যেকোনো ধরনের ভীতিকর শব্দের হর্ন সংযোজন ও বাজানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্দেশ অমান্য করে অবৈধ হর্ন বা হুটার ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra