১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
আজকের পয়গাম ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ৩য় সাধারণ বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত একটি নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই ঐক্যের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে। এর পরও নির্বাচন-পরবর্তী কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও এখন থেকে এই জোটের সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে দলটি। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে আবারও বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে জোটের ছাড়ার বিষয়ে কথা বলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি। তিনি স্পষ্ট জানান, নির্বাচন-পরবর্তী সমঝোতা বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই। তবে গণভোটের রায় বাস্তবায়নসহ বেশ কিছু ইস্যুতে নিজেদের পৃথক অবস্থান থেকে কাজ করে যাবে দল।
উল্লেখ্য, সম্প্রতি কওমি ঘরানার দলগুলোর মধ্যে নতুন করে রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। ইতোপূর্বে খেলাফত আন্দোলন জামায়াত নেতৃত্বাধীন এই জোট ছাড়ার ঘোষণা দিয়েছিল। এবার একই পথে হাঁটল খেলাফত মজলিসও। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো এই ঐক্যে বহাল রয়েছে।