বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
বন্যা পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
ডেস্ক রিপোর্ট , আজকের পয়গাম:
দেশব্যাপী চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকারপূর্বক পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি (ICAB) মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
বৈঠকে মুনতাছির আহমাদ বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে অসংখ্য শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন বাস্তবতায় পরীক্ষা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত শারীরিক দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"
শিক্ষা প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, "সম্প্রতি শিক্ষা প্রশাসনের চরম সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার কারণে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিত উপায়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" উদ্ভূত পরিস্থিতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে এমনভাবে সময়সূচি নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়।
দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা সাময়িক স্থগিতের প্রজ্ঞাপন জারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।