দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে ঢাকার পথে বিএনপির এই নেতা
নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে গভীর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।