গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী
গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী
বরিশাল প্রতিনিধি:
গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় গঠনের সময় তথ্যপ্রযুক্তি নির্ভর গণমাধ্যমের বিস্তার ছিল না। বর্তমানে প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমকে খাপ খাওয়াতে প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন জরুরি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)–এর অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।