neexra

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল উত্থাপন

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04 সেপ্টে. 2026, 06:18 অপরাহ্ন পঠিত: 19 বার
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল উত্থাপন
ছবি: সংগৃহীত

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল উত্থাপন
পয়গাম ডেস্ক:
দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিল উত্থাপনের সময় নতুন বাহিনীর প্রয়োজনীয়তা, কাঠামো ও জবাবদিহি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে আলোচনা ও পাল্টাপাল্টি যুক্তি হয়।
বিল উত্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে। তবে সাইবার ক্রাইম, জুয়া ও মাদকসহ গুরুতর অপরাধ দমনে পুলিশের অধীনে একটি অত্যাধুনিক ও সুসজ্জিত বিশেষায়িত বাহিনী প্রয়োজন। সেই লক্ষ্যেই এসআরবি গঠনের প্রস্তাব করা হয়েছে।
পুলিশের অতীত কর্মকাণ্ডের সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির অপরাধ বা ব্যর্থতার কারণে পুরো প্রতিষ্ঠান বিলুপ্ত করা যায় না। তার ভাষায়, “মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না।”
নতুন বাহিনীর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসআরবির কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিচারের জন্য গঠিত কমিটিতে বেসরকারি সদস্য, মানবাধিকারকর্মী ও বিচারিক কর্মকর্তা থাকবেন। ফলে অতীতের মতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থাকবে না।
এদিকে র‍্যাব বিলুপ্তির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নতুন বাহিনী গঠনের আগে গভীরভাবে পর্যালোচনার দাবি জানান তিনি।
তিনি বলেন, র‍্যাবের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ ও অতীতের ঘটনাগুলো জাতির মধ্যে গভীর ট্রমা তৈরি করেছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা এর অন্যতম উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
নতুন বাহিনী যেন শুধু নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সতর্ক করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের কাছে যেন এমন ধারণা না হয় যে শুধু ‘এপ্রনটা’ পরিবর্তন করা হয়েছে; বরং পুরো ধারণা ও কাঠামোর পরিবর্তন নিশ্চিত করতে হবে।
বিলটি আরও গভীরভাবে পর্যালোচনার সুযোগ দিতে উত্থাপন স্থগিত রেখে আগামী সপ্তাহে আনার অনুরোধ জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিলটি সংসদে উত্থাপিত হয়ে সংসদের সম্পত্তি হিসেবে থাকুক। এরপর এটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে তিন থেকে পাঁচ কার্যদিবস সময় দিয়ে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। প্রয়োজন হলে আলোচনার ভিত্তিতে বিলটিতে সংশোধনী আনা হবে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra