ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি | আজকের পয়গাম
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের উভয় প্রান্ত, মইজ্জারটেক ও চাতরী চৌমুহনী এলাকায় দেখা যায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
মোড়ে মোড়ে, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কোনো যানবাহন এলেই হুমড়ি খেয়ে উঠছেন। অনেকেই ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে গন্তব্যের পথে রওনা দিচ্ছেন। যানবাহনের সংকটের কারণে কেউ কেউ কর্ণফুলী শাহ আমানত সেতু হেঁটেই পার হচ্ছেন। কারও হাতে, কারও কাঁধে ব্যাগ—তবু মুখে ভোট দেওয়ার আনন্দের হাসি।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে কয়েকগুণ ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছে। রেহেনা আক্তার নামে এক যাত্রী জানান, “ব্রিজ থেকে বাঁশখালী গুনাগুরি পর্যন্ত সিএনজি ভাড়া সাধারণত ৮০-১০০ টাকা হলেও এখন ২০০-৩০০ টাকা চাওয়া হচ্ছে।”
অন্যদিকে চালকেরা বলছেন, যানজট ও গাড়ি স্বল্পতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সব কষ্ট-ভোগান্তির মাঝেও ভোটারদের মধ্যে উৎসাহের কমতি নেই। রাফসান নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, “আমরা নতুন ভোটার। এবারের মতো ভোটের আমেজ আগে দেখিনি। তরুণদের ভোটেই জনগণের সরকার নির্ধারিত হবে।”
আব্দুল কাদের নামে আরেক ভোটার জানান, “নবম সংসদ নির্বাচনের পর এমন আগ্রহ দেখছি। এরপর আর কোনো নির্বাচনে বাড়ি যাইনি। এবার বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাই ভোট দিতে বাড়ি যাচ্ছি।”
ভোটকে ঘিরে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বাড়িমুখো জনস্রোত নির্বাচন ঘিরে বাড়তি উৎসবের আবহ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।