আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমীর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতার পর রাষ্ট্রভাষা প্রশ্নে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, তার নির্মম ও চূড়ান্ত রূপ দেখা যায় ভাষা আন্দোলন–এর ২১ ফেব্রুয়ারিতে। মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করতে বাধ্য হওয়া এবং সেই আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মতো বর্বরতা ইতিহাসে বিরল।
তিনি বলেন, তৎকালীন পাকিস্তানি শাসকদের স্বেচ্ছাচারিতার কারণেই রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুস সালামসহ বহু ভাষা সংগ্রামী শহীদ হন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করেন। একই সঙ্গে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের প্রায় পৌনে এক শতাব্দী পেরিয়ে গেলেও দেশের উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলা ভাষা এখনো পূর্ণ মর্যাদা পায়নি। এটি ভাষা শহীদদের প্রতি অবজ্ঞার শামিল। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি পুনরায় দাবি জানান— উচ্চ আদালত ও উচ্চশিক্ষায় বাংলার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিকাশ, চর্চা ও সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।