যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: জামায়াতের ২ নেতা গ্রেপ্তার
যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: জামায়াতের ২ নেতা গ্রেপ্তার
আজকের পয়গাম | ১৫ ফেব্রুয়ারি, রবিবার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি সাকিউল আজম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উল্লাপাড়া উপজেলার গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জামায়াতের নেতাকর্মীরা দোকানটিতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল লতিফ ১০–১২ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ–৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এর জেরে পূর্বশত্রুতার ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
ওসি সাকিউল আজম জানান, শনিবার সন্ধ্যায় উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।