রমজানে কর্মঘণ্টা কমালো সংযুক্ত আরব আমিরাত
রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা সংযুক্ত আরব আমিরাত সরকারের
আজকের পপয়গাম
পবিত্র মাহে রমজান উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে কর্মীদের জন্য নির্ধারিত সময়সূচিতে দুই ঘণ্টা কম কাজ করতে হবে।
সাধারণ সময়ে আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করেন। রমজানে তা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নমনীয় সময়সূচি বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।
এদিকে সরকারি খাতের অফিস সময়ও কমানো হয়েছে। রমজান মাসে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস চলবে। তবে বিশেষ দায়িত্বপূর্ণ কিছু পদে এই সময়সূচি প্রযোজ্য নাও হতে পারে।
কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মিক চর্চায় বেশি সময় দিতে পারবেন।
সূত্র: গালফ নিউজ