এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ, সর্বনিম্ন কত ও সর্বোচ্চ কত টাকা
এ বছর জনপ্রতি ফিতরা নির্ধারণ, সর্বনিম্ন ১১০ ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
চলতি ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ফিতরার নির্ধারিত হার
সভায় জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর বা পনির দিয়ে ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত পরিমাণ ও বাজারমূল্য অনুযায়ী হার হলো—
গম/আটা: অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) — ১১০ টাকা
যব: ১ সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) — ৫৯৫ টাকা
খেজুর: ১ সা’ — ২,৪৭৫ টাকা
কিসমিস: ১ সা’ — ২,৬৪০ টাকা
পনির: ১ সা’ — ২,৮০৫ টাকা
কমিটি জানায়, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারমূল্য অনুযায়ী আদায় করা যাবে
মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত পণ্যের যে কোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামের পার্থক্য থাকায় স্থানীয় খুচরা বাজারমূল্য অনুযায়ী প্রদান করলেও ফিতরা আদায় হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের আলেম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।