neexra

আওয়ামী লীগ নেতার বাড়ির বিয়েতে জামায়াত এমপি, ছাত্রদল নেতার বিয়ে ঘিরে কালীগঞ্জে আলোচনা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24 মে 2026, 03:29 অপরাহ্ন পঠিত: 56 বার
আওয়ামী লীগ নেতার বাড়ির বিয়েতে জামায়াত এমপি, ছাত্রদল নেতার বিয়ে ঘিরে কালীগঞ্জে আলোচনা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতার বাড়ির বিয়েতে জামায়াত এমপি, ছাত্রদল নেতার বিয়ে ঘিরে কালীগঞ্জে আলোচনা
ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যতিক্রমধর্মী বিয়ের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা ছাত্রদলের এক নেতার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মেয়ের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
গত বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে অনুষ্ঠিত এ বিয়েতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি স্থানীয়ভাবে “টক অব দ্য টাউন”-এ পরিণত হয়েছে।
জানা যায়, রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিব অতিথি হিসেবে যোগ দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে এমপি আবু তালিবকে খাবার পরিবেশন করছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে একটি শিবির কর্মী হত্যা মামলাও চলমান রয়েছে। এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে মাওলানা আবু তালিব বলেন, “এটি আমার গ্রামের সামাজিক সম্পর্কের একটি অনুষ্ঠান। সামাজিকতার জায়গা থেকেই সেখানে গিয়েছি। একইসঙ্গে মামলার ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে কালীগঞ্জে শিবিরকর্মী শামীম নিখোঁজ হওয়ার পর তার গুলিবিদ্ধ মরদেহ যশোরে উদ্ধার করা হয়। পরে ২০২৪ সালে এ ঘটনায় নিহতের বাবা আদালতে মামলা দায়ের করেন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra