নিজ কক্ষে ডেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
নিজ কক্ষে ডেকে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার। আজকের পয়গাম
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:১৬
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নিজ কক্ষে ডেকে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান এবং দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেকে তা প্রশংসা করেন।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে এগিয়ে যান।
এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান। পরে সেখানে প্রায় ২০ মিনিটের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে এগিয়ে দেন, যা তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ।