৩ দিনের ছুটিতে স্কুল-কলেজে সুবিধা, মাদরাসায় ভিন্নতা
৩ দিনের ছুটিতে স্কুল-কলেজে সুবিধা, মাদরাসায় ভিন্নতা
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।
তবে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ছুটির তালিকায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তাদের নির্ধারিত ছুটি অনুযায়ী ১৪ এপ্রিল ছুটি থাকলেও ১২ ও ১৩ এপ্রিল ছুটি নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীরা টানা তিন দিনের পরিবর্তে মাত্র একদিন ছুটি পাচ্ছে।
জানা গেছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল-কলেজে ছুটি নির্ধারিত রয়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা।
অন্যদিকে ধর্মীয় কারণ দেখিয়ে ১২ ও ১৩ এপ্রিল মাদরাসায় ছুটি রাখা হয়নি। ফলে সেখানে স্বাভাবিক কার্যক্রম চলবে, শুধুমাত্র ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছুটি থাকবে।
ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল (বুধবার) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।