২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টা
২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে লটারি প্রথা থাকছে না: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তিতে আর লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতির পরিবর্তে নতুন একটি কার্যকর পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পরিবর্তন কার্যকর করা হবে।
উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়।
তবে তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
তবে সরকার এখন নতুন নীতিমালার মাধ্যমে স্কুলে ভর্তির পদ্ধতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।
— আজকের পয়গাম