তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ এমপি কামরুজ্জামান কামরুলের
তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ এমপি কামরুজ্জামান কামরুলের
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষকের উপস্থিতি পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় কোনো বিদ্যালয়েই শিক্ষক উপস্থিত ছিলেন না বলে জানা যায়।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান এমপি কামরুজ্জামান কামরুল। সেখানে গিয়ে শিক্ষকদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, “বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও জানান, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।