প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের সুযোগ চেয়ে বৈঠক, দ্রুত গেজেটের আশ্বাস
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি আলেমদের সুযোগ চেয়ে বৈঠক, দ্রুত গেজেটের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক | আজকের পয়গাম
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং সেই পদে কওমি আলেমদের অন্তর্ভুক্তির দাবিতে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদি আমীন উপস্থিত ছিলেন।
বৈঠকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, দেশের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে আলাদা ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি এবং সেখানে কওমি আলেমদের নিয়োগের সুযোগ প্রদান অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে।
বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি আলেমদের সুযোগ প্রদানের বিষয়টি দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন।
এ সময় ২০২৪ সালের শিক্ষা সিলেবাসে বিদ্যমান বিভিন্ন অসঙ্গতি নিয়ে বিশদ গবেষণা প্রতিবেদন শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন মুফতি আবদুল্লাহ মাসুম। গবেষণাটি পর্যালোচনা করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং আলেমদের এই উদ্যোগকে প্রশংসা করেন।
বৈঠকে বক্তারা দ্রুত ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান এবং সেই পদে কওমি আলেমদের যথাযথ অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানান।