neexra

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের দাবি, ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23 এপ্রি. 2026, 10:31 অপরাহ্ন পঠিত: 47 বার
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের দাবি, ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের দাবি, ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
সকল মানুষের দল-মত নির্বিশেষে ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির।
তিনি বলেন, সম্প্রতি বিএনপি-সমর্থিত এক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন সংসদে দাবি করেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী। প্রধান বিচারপতি নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি জামিন দিলে তার পরিণতি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো হতে পারে।
এই প্রসঙ্গে অ্যাডভোকেট নাসির বলেন, এমন পরিস্থিতি বিচার বিভাগের স্বাধীনতা না থাকার ইঙ্গিত বহন করে। বিচার বিভাগকে যদি পরাধীন রাখা হয়, তাহলে ভবিষ্যতেও রাজনৈতিক প্রভাবের শিকার হয়ে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যায়।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। অন্যথায়, ভবিষ্যতে যে কোনো সরকারকেই বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিযোগে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।
এদিকে হাইকোর্টে ভার্চ্যুয়াল কোর্ট ব্যবস্থার বিরোধিতায় আইনজীবীদের চলমান আন্দোলন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, অনেক ক্ষেত্রে এই আন্দোলন ব্যক্তিগত আয়-সংক্রান্ত স্বার্থে পরিচালিত হচ্ছে। অথচ আইনজীবীদের উচিত ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সোচ্চার হওয়া।
অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সকল আইনজীবীর ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়া নৈতিক দায়িত্ব।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra