কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, আহত ৫
কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, আহত ৫
নিজস্ব প্রতিনিধি | রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় কলেজে ভাঙচুর ও অন্যান্য শিক্ষকদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। এতে অধ্যক্ষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকবর আলী উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে পূর্ববর্তী অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন তারা। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এর কিছুক্ষণ পর অভিযুক্তরা অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।
আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুইজন কর্মচারী। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, “তারা নিয়মিত কলেজে এসে আয়-ব্যয়ের হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল তাদের উদ্দেশ্য। অধ্যক্ষের পক্ষে কথা বলায় আমাকেও মারধর করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী দাবি করেন, কলেজের অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার ভাষ্য, “শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি মহল তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি করেন।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”