neexra

সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30 মার্চ 2026, 02:31 অপরাহ্ন পঠিত: 93 বার
সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন
ছবি: সংগৃহীত

সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক। আজকের পয়গাম 
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি অংশ নেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
মৃত্যুকালে অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী ও মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তিনি।
অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

#বাংলাদেশ #সংবাদ #jatio
neexra