গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস
গতি নিয়ন্ত্রণে গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস
ডেস্ক রিপোর্ট |আজকের পয়গাম
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সব পাবলিক ও বাণিজ্যিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে যানবাহনের গতি, অবস্থান এবং ট্রাফিক আইন মানা হচ্ছে কি না—এসব বিষয় সহজেই মনিটর করা যাবে। পাশাপাশি মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে সব বাস ও কমার্শিয়াল যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। নির্ধারিত গতিসীমা ৬০ বা ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কোনো গাড়ি ফিটনেস নবায়ন না করেও রাস্তায় নামলে জিপিএস ডাটার মাধ্যমে তা শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে কাজ করবে।
ফেরি পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনার কথাও জানান তিনি। গাড়ি ওঠানোর আগে সব যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজনে ব্যারিয়ার স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সিসি ক্যামেরা ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা পরিচালনা শুরু হয়েছে। জিপিএস চালু হলে এই ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।