বরিশালে ১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক
বরিশালে ১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক
নিজস্ব প্রতিবেদক | বরিশাল
প্রকাশিত: ৩ মে ২০২৬
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ মে) ভোর রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর এয়ারপোর্ট থানা পুলিশের একটি বিশেষ টিম নগরীর কলসগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক তরুণীর নাম জাহিদা বেগম (২০)। তিনি টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল আমিন নাঈমের নেতৃত্বে রাত প্রায় ২টা ৫০ মিনিটে কলসগ্রাম এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে বাসের একটি আসনে বসা জাহিদা বেগমের ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদক বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।