neexra

নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 জুল. 2026, 10:47 অপরাহ্ন পঠিত: 95 বার
নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার
ছবি: সংগৃহীত

নরসিংদীতে শিশুর পা ভাঙার ভিডিওটি ‘এআই’ দিয়ে তৈরি, অক্ষত আছে শিশু: পুলিশ ও পরিবার

নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম:

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। শিশুটির কোনো পা ভাঙেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি এডিট করে ছড়ানো হয়েছে বলে দাবি করেছে শিশুটির পরিবার ও পুলিশ।

​আজ মঙ্গলবার (১৪ জুলাই) নরসিংদীর মাধবদী থানা পুলিশ ভুক্তভোগী পরিবারটির বাড়িতে গিয়ে অনুসন্ধানের পর ঘটনার আসল সত্যতা নিশ্চিত করেছে।

​খোঁজ নিয়ে জানা যায়, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকার বাসিন্দা জহিরুল মিয়া ও সাময়া আক্তার দম্পতির তিন মাস বয়সী শিশু সন্তান 'রিজিক' জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিল। হাসপাতালে শিশুর পেছনে মায়ের অতিরিক্ত সময় দেওয়ার কারণে বাড়ির কাজকর্ম নিয়ে সাময়া আক্তারের সঙ্গে তাঁর জাঁ লতা বেগমের পারিবারিক মনোমালিন্য তৈরি হয়।

​এরই জের ধরে গত ১১ জুন লতা বেগম শিশুটির পায়ে কিছুটা মোচড় দেন, যা সাময়া আক্তারের মুঠোফোনে ধারণ করা হয়। পরবর্তীতে সেই মূল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এডিট করে পা ভেঙে ফেলার রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়।

​খবর পেয়ে মাধবদী থানা পুলিশ আজ ওই বাড়িতে গিয়ে তদন্ত চালায়। তবে শিশুটির শরীরে কোনো আঘাত বা পায়ে প্লাস্টারের চিহ্ন পাওয়া যায়নি।

​পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির মা সাময়া আক্তার বলেন, "যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মূলত এআই দিয়ে এডিট করা। আমার সন্তানের পা ভাঙেনি, সে সুস্থ আছে। পারিবারিক কারণে বাচ্চার পায়ে মোচড় দেওয়ার ঘটনাটি ঘটেছিল এবং তা নিয়ে বকাঝকাও করা হয়। তবে পরবর্তীতে বিষয়টি পারিবারিকভাবেই মীমাংসা হয়ে গেছে।"

​এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, "আমরা খবর পেয়েই শিশুটির বাড়িতে যাই। শিশুটি সম্পূর্ণ অক্ষত ও সুস্থ আছে, তার পা ভাঙেনি। এ বিষয়ে শিশুটির বাবা-মা থানায় এসে নিশ্চিত করেছেন যে তাঁদের কোনো অভিযোগ নেই।"

​ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোনো সংবেদনশীল ভিডিও বা তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার জন্য আজকের পয়গাম-এর পক্ষ থেকে পাঠকদের অনুরোধ জানানো হচ্ছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra