দেবহাটায় শিবিরের কমিটি গঠন ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ জেলা নেতারা
দেবহাটায় শিবিরের কমিটি গঠন ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ জেলা নেতারা
পয়গাম ডেস্ক | সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও জেলা নেতাদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার সখিপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দেবহাটা উপজেলার দক্ষিণ শাখার সভাপতিকে মুলতবি করার ঘটনায় উত্তর ও দক্ষিণ শাখার কয়েকজন নেতাকর্মী পদত্যাগপত্র জমা দেন। পরে জেলা ও কেন্দ্রীয় কমিটি সেই পদত্যাগপত্র গ্রহণ করলে সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়।
এর ধারাবাহিকতায় বুধবার নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা শিবিরের কয়েকজন দায়িত্বশীল নেতা সখিপুর ফাজিল মাদ্রাসায় যান। সেখানে বঞ্চিত নেতাকর্মীরা সদস্যপদ বাতিল ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা জামায়াতের নেতারা। তবে শুরুতে পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামায়াত নেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরুদ্ধ জেলা নেতারাও পরে নিরাপদে সেখান থেকে বের হয়ে যান।
দেবহাটা উত্তর শাখার সভাপতি সাফায়েত হোসেন অভিযোগ করে বলেন, জেলা কমিটি তাদের সঙ্গে আলোচনা ছাড়াই পদত্যাগপত্র গ্রহণ করেছে। পরে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তিনি জেলা সভাপতির পদত্যাগও দাবি করেন।
অন্যদিকে জেলা শিবিরের সভাপতি জোবায়ের হোসেন দাবি করেন, পদত্যাগের আবেদন স্বেচ্ছায় কেন্দ্রীয় সভাপতির কাছে দেওয়া হয়েছিল এবং নিয়ম মেনেই তা গ্রহণ করা হয়। নতুন দায়িত্ব বণ্টনের জন্য নেতারা সেখানে গেলে তাদের অবরুদ্ধ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, দায়িত্ব বণ্টন নিয়ে ভুল বোঝাবুঝির জেরে পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিদ্ধান্ত হয়েছে, ঈদের পর বিষয়টি নিয়ে আবার আলোচনা করে সমাধান করা হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি এমাদুল হক বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কিছু সাংগঠনিক ভুল বোঝাবুঝি থেকেই সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।