neexra

সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02 সেপ্টে. 2026, 10:04 অপরাহ্ন পঠিত: 24 বার
সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার
ছবি: সংগৃহীত

সারাদেশে বিশেষ অভিযান চালাবে র‌্যাব, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুরস্কার
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৪-এর আন্দোলনের সময় পুলিশসহ বিভিন্ন সরকারি বাহিনীর লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
বুধবার (২ সেপ্টেম্বর) খুলনায় র‌্যাব-৬-এর সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
র‌্যাব মহাপরিচালক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের তথ্য দিতে উৎসাহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার ঘোষণা করেছেন। র‌্যাবের নেতৃত্বে বিশেষ অভিযানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৫৯ জলদস্যুর আত্মসমর্পণ
এদিকে সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, সাতটি ওয়াকিটকি, ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র‌্যাব মহাপরিচালক জানান, এ পর্যন্ত সুন্দরবনের ৩১৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ জন আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। বর্তমানে সুন্দরবনে চার থেকে পাঁচটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে।
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে আগের চেয়ে উন্নত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া আত্মসমর্পণকারীদের আটক কিংবা মামলা না দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।
সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সেখানে একটি র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra