খামেনি নিহত: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার দাবি, ইরানে ৪০ দিনের গণশোক
খামেনি নিহত: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার দাবি, ইরানে ৪০ দিনের গণশোক
আন্তর্জাতিক ডেস্ক | আজকের পয়গাম
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার (১ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করে ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই হামলাতেই তিনি নিহত হন এবং প্রাসাদ প্রাঙ্গণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্যাটেলাইট ছবিতে প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তাও একই দাবি করেন।
প্রথম দিকে ইরান সরকার এ খবর অস্বীকার করে একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে উল্লেখ করলেও পরে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেয়। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন খামেনির ছবি প্রচার করে এবং তার শাহাদাতকে ‘অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রামের সূচনা’ বলে উল্লেখ করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স জানিয়েছে, এ হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ হামলা আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।