পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে
ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম
ভারতের পশ্চিমবঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর নতুন ও কঠোর নিয়ম জারি করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যজুড়ে গরুসহ সব ধরনের গবাদিপশু জবাই কার্যত নিয়ন্ত্রিত করা হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে কোনো গরু, ষাঁড়, বলদ বা মহিষ জবাই করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ বাধ্যতামূলক। এই দুই ধরনের অনুমোদন ছাড়া পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নতুন নিয়মে আরও বলা হয়েছে, জবাইয়ের জন্য পশুর বয়স নির্ধারণে কঠোর মানদণ্ড অনুসরণ করতে হবে। সাধারণত ১৪ বছরের বেশি বয়সী, প্রজনন বা শ্রমে অক্ষম পশুকেই কেবল জবাইয়ের উপযোগী হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া গুরুতর অসুস্থ, আহত বা স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেও বিশেষ শর্ত প্রযোজ্য হবে।
স্থান নির্ধারণের ক্ষেত্রেও এসেছে কঠোরতা। এখন থেকে অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত সরকারি স্থানে ছাড়া কোথাও পশু জবাই করা যাবে না। প্রকাশ্যে বা জনসমাগমস্থলে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকার জানিয়েছে, এই বিধিনিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত নজরদারি করবেন। পরিদর্শনে বাধা দিলে সেটিও আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
আইন অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: স্থানীয় গণমাধ্যম