সীমান্তে বিএসএফের গরু নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রামবাসীর বাধায় উত্তেজনা
সীমান্তে বিএসএফের গরু নিয়ে যাওয়ার চেষ্টা, গ্রামবাসীর বাধায় উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় কয়েকটি বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা গরুগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তিস্তা ৬১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে বিএসএফ সদস্যরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।
বিজিবি সূত্র জানিয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে বিজিবি ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তের জিরো লাইনে থাকা বাংলাদেশি গরু নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বিজিবির তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।