দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া
দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া
আজকের পয়গাম ডেস্ক
আগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়া হবে—এমন খবর নাকচ করেছে মালয়েশিয়া। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী নেওয়ার বিষয়ে যে দাবি করেছেন, সেটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। এ বিষয়ে তিনি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
ফাহমি ফাদজিল বলেন, বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী কর্মী নেওয়ার দাবি করেছেন। তবে এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক কোনো অবস্থান নয়। মানবসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানের সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিকে মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন নিয়েও কথা বলেন মালয়েশিয়ার মুখপাত্র। তিনি জানান, মালয়েশিয়ায় আটক মিয়ানমারের ১০ হাজারের বেশি শরণার্থীর মধ্য থেকে ৫ হাজার জনকে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়েছে। পরে তালিকাটি মিয়ানমার দূতাবাসে পাঠানো হলে দেশটির সরকার ১ হাজার ৪৭৬ জনকে ফেরত নিতে সম্মতি দেয়।
ফাহমি বলেন, স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জন শরণার্থী একটি নথিতে স্বাক্ষর করে জানিয়েছেন, তারা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে চান। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে।