নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ
আজকের পয়গাম
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৮:৪২
নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর নেতা বালেন্দ্র শাহ (বালেন)। শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং সাবেক জনপ্রিয় র্যাপার। তিনি নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে বিপুল ভোটে পরাজিত করেন। এই আসনটি দীর্ঘদিন ধরে ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেন জি’ আন্দোলনে ৭৬ জন নিহত হওয়ার পর দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বালেন্দ্র শাহের দল আরএসপি ২৭৫ সদস্যের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
এর আগে তিনি কাঠমান্ডু-এর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক দশকের মধ্যে তিনিই নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। পাশাপাশি, ভারত-চীন সীমান্তবর্তী এই দেশে তিনিই প্রথম মধেসি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন।
সূত্র: রয়টার্স