ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
ইরানে হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কথিত হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগঠনের নেতারা অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেন।
রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় পুরানা পল্টনস্থ মারকাজ চত্বরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা আধুনিক বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
নেতারা দাবি করেন, হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিসহ শিক্ষার্থীরা নিহত হয়েছেন। পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে বলেও মন্তব্য করেন তারা।
সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মারুফ বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা গ্রহণযোগ্য নয়। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় এমন পদক্ষেপ আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। তিনি আরও দাবি করেন, হামলায় একটি স্কুলের শতাধিক শিশু নিহত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।
সমাবেশ থেকে বক্তারা বিশ্ববাসীর প্রতি ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে।
কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, প্রবাসী কল্যাণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার এবং ছাত্রনেতা ফয়জুল ইসলামসহ অনেকে।
বিক্ষোভ মিছিলে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।