মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং
আজকের পয়গাম ডেস্ক:
মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। রাজধানী নেপিদো-তে পার্লামেন্ট ভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ গ্রহণ করেন।
পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সুচি-র নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। ২০২১ সালের ওই ঘটনার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
প্রায় অর্ধ-দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসনের পর চলতি বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচনের আয়োজন করেন তিনি। তবে এই নির্বাচনে সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল অংশ নেওয়ার সুযোগ পায়নি। মূলত সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্রদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয় সামরিক সমর্থিত পক্ষ।
শপথ গ্রহণের সময় মিন অং হ্লাইং মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ অঙ্গীকার করেন। প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি বলেন, “আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি।”
এর আগে তিনি সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। এদিকে আগামী সোমবার থেকে মিয়ানমারের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব থিনগিয়ান শুরু হতে যাচ্ছে।
তবে গণতন্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলো পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে। তাদের মতে, এটি প্রহসনমূলক নির্বাচন এবং বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই—নতুন মোড়কে পুরনো ব্যবস্থারই ধারাবাহিকতা।