বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
বরিশালে আইনজীবীদের আদালত বর্জন, ভবন তালাবদ্ধ
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার এবং ২০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আদালত বর্জন করে কর্মবিরতি পালন করেছেন জেলার আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন। জেলা ও দায়রা জজ আদালতের ৪৫টি আদালতের কোনোটিতেই আইনজীবীরা উপস্থিত হননি। তালাবদ্ধ ছিল আদালত ভবনও। তবে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলমান ছিল বলে জানা গেছে।
ভবন দুটিই তালাবদ্ধ
সরেজমিনে দেখা যায়, জেলা আইনজীবী সমিতির মূল ভবনটি তালাবদ্ধ। এখানে অন্তত তিন শতাধিক আইনজীবী চেম্বার করেন। ভবনের পেছনে অবস্থিত ‘এনএক্স ভবন’ নামের আরেকটি কার্যালয়েও প্রায় পাঁচ শতাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। সেটিও তালাবদ্ধ অবস্থায় ছিল।
আদালত চত্বরে কয়েকজন আইনজীবীকে উপস্থিত থাকতে দেখা গেলেও তারা কোর্ট বর্জন করে সময় কাটাচ্ছিলেন। অন্যদিকে বিচারপ্রার্থীরা নিজ নিজ মামলার তারিখ অনুযায়ী আদালতে হাজির হন। আইনজীবী ছাড়াই সংশ্লিষ্ট বিচারকরা বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
রাতে বাড়িতে অভিযান অভিযোগ
এদিকে যেসব আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাদের কয়েকজনের বাড়িতে রাতে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু অভিযোগ করেন, মধ্যরাতে তার বাসায় যৌথবাহিনী অভিযান চালায়। তবে তিনি তখন বাসায় ছিলেন না। এতে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।
একই ধরনের অভিযোগ করেন আইনজীবী হাফেজ উদ্দিন বাবলু। তিনি বলেন, “আমাদের বেশ কয়েকজন সহকর্মীর বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। বিষয়টি নেক্কারজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি।”
ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।