তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা
তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, জামানত ছাড়াই মিলবে ২০ লাখ টাকা
অর্ধেক ঋণ, অর্ধেক অনুদান; আবেদন করতে পারবেন ২৮ বছর বা তার কম বয়সীরা
অর্থনৈতিক প্রতিবেদক
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের জন্য ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালু করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।
সুদ বা মুনাফা সর্বোচ্চ ৭ শতাংশ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উদ্যোক্তার প্রকৃত প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হবে। ঋণের অংশে গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ হতে পারে।
তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। একই সঙ্গে প্রচলিত নিয়মে ঋণ হিসাব শ্রেণিকৃত হবে এবং ঋণগ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন। পরবর্তী সময়ে তিনি নতুন করে ঋণ পাওয়ার যোগ্যতাও হারাবেন।
ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও আবেদন
এ কর্মসূচিতে আবেদন করতে ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স ২৮ বছরের বেশি হওয়া যাবে না এবং তাকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসায়িক উদ্যোগকে বিবেচনা করা হবে।
আবেদনের জন্য কোনো অর্থ দিতে হবে না। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরমে আবেদন জমা দেওয়া যাবে।
১৬ সেপ্টেম্বর সার্কুলার
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির বিস্তারিত নির্দেশনা সংবলিত সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর জারি করা হবে। সার্কুলার জারির পরবর্তী এক মাস আবেদন করার সুযোগ থাকবে।
প্রথম ধাপে ৬৪ উপজেলায় কার্যক্রম
প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় কর্মসূচিটি চালু হবে।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
ঋণের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ
নির্বাচিত উদ্যোক্তাদের শুধু অর্থায়নই নয়, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হবে। অভিজ্ঞ মেন্টরের কাছ থেকে ধারাবাহিক পরামর্শের পাশাপাশি ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তিন থেকে পাঁচজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। ফলে ‘উদ্যোগ’ কর্মসূচি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।