neexra

চাকরির নিশ্চয়তা ও বকেয়ার দাবি: বরিশালে অলিম্পিক সিমেন্ট বন্ধের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনেও শ্রমিকদের বিক্ষোভ

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16 জুন 2026, 02:21 অপরাহ্ন পঠিত: 86 বার
চাকরির নিশ্চয়তা ও বকেয়ার দাবি: বরিশালে অলিম্পিক সিমেন্ট বন্ধের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনেও শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাওনাদির দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের ‘ভুখা মিছিল’ ও বিক্ষোভ, রূপাতলী উত্তাল

বরিশাল: "পেটে আমাদের অন্ন নাই, পাওনা টাকা ফেরত চাই"—এমনই আকুল ও ক্ষুব্ধ স্লোগানে অলিম্পিক সিমেন্ট লিমিটেড বন্ধের প্রতিবাদে এবার রাজপথে ‘ভুখা মিছিল’ করেছেন চরম অর্থকষ্টে থাকা আন্দোলনরত শ্রমিকরা। চাকরির নিশ্চয়তা ও বকেয়া পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার টানা ষষ্ঠ দিনের মতো এই কর্মসূচি পালন করেন ফ্যাক্টরির সাধারণ শ্রমিক ও কর্মচারীবৃন্দ।

​সকালে ফ্যাক্টরি প্রাঙ্গণ থেকে কয়েকশত অভুক্ত ও ক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীর অংশগ্রহণে এই ‘ভুখা মিছিল’টি বের হয়। মিছিলটি রূপাতলী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ রূপাতলী গোলচত্বরে গিয়ে জড়ো হয়। সেখানে শ্রমিকরা রাস্তা অবরোধ না করে শান্তপূর্ণ অথচ জোরালো এক বিক্ষোভ সমাবেশ গড়ে তোলেন। সমাবেশ শেষে মিছিলটি পুনরায় ফ্যাক্টরি প্রাঙ্গণে ফিরে আসে।

অভাবের তাড়নায় রাজপথে শ্রমিকরা:

আন্দোলনরত শ্রমিকরা জানান, হুট করে ফ্যাক্টরি বন্ধের ঘোষণায় তারা আকস্মিকভাবে কর্মহীন হয়ে পড়েছেন। জম জমে থাকা বেতন ও ন্যায্য পাওনাদি না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়েই পেটের তাগিদে তারা আজ এই ‘ভুখা মিছিল’ নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।


 

​সমাবেশে বক্তব্য রাখা শ্রমিক প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফ্যাক্টরি বন্ধ করে আমাদের শত শত শ্রমিককে না খাইয়ে মারার চক্রান্ত চলছে। ঘরে চাল নেই, বাচ্চার মুখে দেওয়ার মতো খাবার নেই। আমরা কোনো দয়া চাচ্ছি না, আমাদের ঘাম ঝরানো শ্রমের ন্যায্য পাওনাদি অবিলম্বে বুঝিয়ে দেওয়া হোক। পাওনা আদায় এবং চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত এই ভুখা আন্দোলন আরও তীব্র হবে।"

​কারখানা বন্ধের সিদ্ধান্তে শ্রমিক পরিবারগুলোর মাঝে চরম হাহাকার ও অনিশ্চয়তা নেমে এসেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রূপাতলী ও ফ্যাক্টরি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra