সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ২ নৌযানের রুট পারমিট বাতিল, গঠন ২ তদন্ত কমিটি
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দায়ী হিসেবে ‘এমভি আশা-যাওয়া-৫’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চ দুটির রুট পারমিট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে এ ধরনের অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বর্তমানে চিকিৎসাধীন এক অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান আশঙ্কামুক্ত রয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান রাতের জন্য সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় শুরু হবে।
উল্লেখ্য, বুধবার বিকেলে যাত্রী ওঠানোর সময় দুটি লঞ্চের সংঘর্ষে মো. সোহেল নামের এক যুবক নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ঈদ ও পোশাক কারখানার ছুটির কারণে যাত্রীদের বাড়তি চাপ থাকায় নৌপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
#বাংলাদেশ
#সংবাদ
#saradesh