neexra

পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেই

Abdullah Al Ayan, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28 মার্চ 2026, 07:48 পূর্বাহ্ন পঠিত: 65 বার
পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেই
ছবি: সংগৃহীত

পাটুরিয়ায় চলন্ত ফেরিতে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে — হতাহতের খবর নেই
নিজস্ব প্রতিবেদক, আজকের পয়গাম
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি চলন্ত ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছাড়ার কিছু দূর যাওয়ার পরই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার-চেঁচামেচিতে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে ফেরির কর্মচারীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও কালো ধোঁয়া দেখা দিতে পারে। তিনি বলেন, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #Accident
neexra