চিকিৎসাধীন অবস্থায় ছাত্রনেতা বাপ্পীর ইন্তেকাল: ইসলামী আন্দোলন মডেল থানা দক্ষিণের গভীর শোক
চিকিৎসাধীন অবস্থায় ছাত্রনেতা বাপ্পীর ইন্তেকাল: ইসলামী আন্দোলন মডেল থানা দক্ষিণের গভীর শোক
স্টাফ রিপোর্টার, বরিশাল: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন ২৬ নং ওয়ার্ডের সভাপতি এম. কে. রুবায়েত ইফতেখার বাপ্পীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মডেল থানা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।
আজ এক যৌথ বিবৃতিতে মডেল থানা দক্ষিণের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন কাফরা এবং সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, তরুণ ছাত্রনেতা এম. কে. রুবায়েত ইফতেখার বাপ্পী ঢাকা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রজিউন)। দ্বীনের ময়দানে তাঁর নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক ও অকাল বিদায় ইসলামী আন্দোলনের প্রতিটি সহযোদ্ধার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন প্রিয় বাপ্পী ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন।
একই সাথে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক ও শূন্যতা কাটিয়ে উঠতে আল্লাহ যেন তাঁদেরকে ধৈর্য (সবরে জামিল) ধারণ করার তাওফিক দান করেন— এই প্রার্থনা করেন।