ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশির মৃত্যু
আজকের পয়গাম ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।
গ্রিসের কোস্টগার্ডের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছে একটি রাবারের নৌকা থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশুও আছে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, দীর্ঘ সময় খাবার ও পানির সংকটে পড়ে তাদের সঙ্গে থাকা ২২ জন মারা যান। পরে পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি।
নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার রনারচরের মুজিবুর রহমান (৪৫), একই উপজেলার তারাপাশা এলাকার মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩০) এবং মো. সাহান (২৫)।
জানা গেছে, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ছয় দিন ধরে সমুদ্রে খাবার ও পানীয় ছাড়াই ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকট এবং চরম ক্লান্তিতে একে একে ২২ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় দক্ষিণ সুদানের দুই সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশে প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগে তদন্ত চলছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসেই ইউরোপে পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৮৭।
অভিবাসী প্রবাহ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ালেও মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের সমালোচনা করেছে।