শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৮
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং র্যাব-৮ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের টার্গেট করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত বলে অভিযোগ রয়েছে। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার আশ্বাস দিয়ে রোগীদের প্রলুব্ধ করতেন।
আটককৃতরা হলেন— মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি বেগম, মিম আক্তার, আইসা আক্তার ও হাফিজা বেগম। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র আরও জানায়, হাসপাতালের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে তারা রোগী সংগ্রহ করতেন এবং প্রতিটি রোগীর বিপরীতে কমিশন পেতেন। রোগীপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দেওয়া হতো বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন বলেন, হাসপাতালকেন্দ্রিক দালালদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। একাধিক অভিযান পরিচালনা করা হলেও তাদের তৎপরতা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। জনসাধারণের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।