neexra

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07 মে 2026, 10:47 অপরাহ্ন পঠিত: 45 বার
কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

কাঁচামাটিয়া নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ডেস্ক রিপোর্ট | আজকের পয়গাম 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা কাঁচামাটিয়া নদী বর্তমানে প্রভাবশালী মহলের দখল, বর্জ্য ফেলা এবং অপরিকল্পিত ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণ ও দখলের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, কাঁচামাটিয়া নদী এই অঞ্চলের পরিবেশ, কৃষি ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী রক্ষায় দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, কাঁচামাটিয়া নদী ঈশ্বরগঞ্জের প্রাণ। অবৈধ দখলদারদের কারণে নদী ধ্বংসের মুখে পড়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার বলেন, নদী দখল ও দূষণ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত নদী খনন ও দখলমুক্ত না করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
স্মারকলিপিতে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা, জরুরি ভিত্তিতে ড্রেজিং, নদীতীর সংরক্ষণ ও বৃক্ষরোপণ, স্থায়ী মনিটরিং ব্যবস্থা গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ ৬ দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় সচেতন নাগরিকরা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra