হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
হবিগঞ্জ, ১১ মার্চ: হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি আদালতের নির্দেশে রাসেল মিয়াকে কারাগারে পাঠানো হয়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তিনি বাথরুমে গিয়ে হঠাৎ পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বলেন, সকালে বাথরুমে গিয়ে পড়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে কারাগারের চিকিৎসকদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।