neexra

টাকার জন্য অক্সিজেন খুলে দিল কর্মচারী, মৃত্যু মুমূর্ষু রোগীর

Rasel Shikder, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14 মে 2026, 02:12 অপরাহ্ন পঠিত: 48 বার
টাকার জন্য অক্সিজেন খুলে দিল কর্মচারী, মৃত্যু মুমূর্ষু রোগীর
ছবি: সংগৃহীত

টাকার জন্য অক্সিজেন খুলে দিল কর্মচারী, মৃত্যু মুমূর্ষু রোগীর
আজকের পয়গাম ডেস্ক:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় রোগীর মৃত্যুর পর হাসপাতালজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত দিপালী সিকদার (৪০) মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্বজনদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। শয্যা সংকটের কারণে তাকে ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় মেডিসিন বিভাগের এক কর্মচারী অন্য রোগীর জন্য ট্রলি সরাতে গিয়ে দিপালীর অক্সিজেন সংযোগ খুলে দেন। পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি তা পুনরায় সংযুক্ত করেননি বলে অভিযোগ করা হয়। কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত কর্মচারীকে আটক করে মারধর করেন। পরে হাসপাতালের অন্যান্য কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু সময়ের জন্য হাসপাতালের চিকিৎসাসেবাও বিঘ্নিত হয় বলে জানা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত কর্মচারী সোহেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#বাংলাদেশ #সংবাদ #saradesh
neexra