হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজে হামলা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৪:০৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না। বাকি দেশগুলো হলো—ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।
বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। যেসব দেশকে ইরান মিত্র হিসেবে বিবেচনা করে, তাদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিদ্ধান্ত নিয়েছে—বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা চালানো হবে না। এসব দেশের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে এবং তারা সমন্বয়ের ভিত্তিতে চলতে সম্মত হয়েছে। ফলে এই দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালিতে সবসময় নিরাপদ চলাচলের সুযোগ পাবে, এমনকি চলমান সংঘাতের পরও।
প্রসঙ্গত, জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান এই প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে এবং তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশ ভোগান্তিতে পড়ছে।