তীব্র সংঘাতের মধ্যেও প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
তীব্র সংঘাতের মধ্যেও প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সঙ্গে চলমান তীব্র সংঘাতের মধ্যেও প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ৯০ লাখ ডলার আয় করছে। এই বিপুল অর্থের মূল উৎস দেশটির তেল রপ্তানি।
মার্কিন সংবাদমাধ্যম Bloomberg-এর এক প্রতিবেদনে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরানের তেল রপ্তানি কার্যক্রম থেমে নেই। বরং প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ৬০ হাজার ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হচ্ছে।
এই তেল মূলত খার্গ দ্বীপের টার্মিনাল হয়ে হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট, যেখানে দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।
যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালিতে আংশিক অবরোধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়েছে এবং অনেকেই তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়েই ইরান তার তেল রপ্তানি অব্যাহত রেখেছে।
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি হওয়ায় ইরানের আয়ও বেড়েছে। ফেব্রুয়ারিতে যেখানে একই পরিমাণ তেল বিক্রি করে দৈনিক প্রায় ১১ কোটি ৫০ লাখ ডলার আয় করত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি ডলারে।
এছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করেও প্রতিদিন প্রায় ২০ লাখ ডলার আয় করছে ইরান।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত ইরানের জন্য অর্থনৈতিকভাবে নতুন সুযোগ তৈরি করেছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন হিসাব-নিকাশের জন্ম দিচ্ছে।