পোষাকখাতে বকেয়া বেতন-বোনাস পরিশোধে জোর দাবি; ঈদ আনন্দ নষ্ট না করার আহ্বান
পোষাকখাতে বকেয়া বেতন-বোনাস পরিশোধে জোর দাবি; ঈদ আনন্দ নষ্ট না করার আহ্বান
আজকের পয়গাম ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পোষাকখাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, কোনো অজুহাতেই শ্রমিকদের ঈদের আনন্দ নষ্ট করা যাবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ঈদ ঘনিয়ে এলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোষাকখাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত পরিশ্রম করা শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে টালবাহানা করা অনভিপ্রেত ও অন্যায়।
তিনি বলেন, মালিকরা শ্রমিকদের শ্রমের ওপর নির্ভর করেই সম্পদশালী হয়েছেন। অথচ ঈদ এলে বেতন-বোনাস পরিশোধ নিয়ে নানা জটিলতা সৃষ্টি করা সমর্থনযোগ্য নয়। শ্রমিকদের পাওনা নিয়ে কোনো ছলচাতুরী না করে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের পাওনা নিয়ে সরকার ও মালিকপক্ষকে বৈঠকে বসতে হয়। অনেক সময় মালিকদের বিভিন্ন দাবি সরকার মেনে নিলেও শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি দেখা যায়। চলতি বছরও নগদ প্রণোদনার দাবি তুলেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশের অন্যতম সুবিধাপ্রাপ্ত ও লাভজনক খাত হিসেবে পোষাকশিল্পের উচিত শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া। দলটি আগামী বিশ রোজার মধ্যে সকল শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস সম্পূর্ণ পরিশোধের জোর দাবি জানিয়েছে।