ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ
ঘুরতে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি | আজকের পয়গাম
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী তুহিন হোসেন ওরফে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণী সহপাঠী তুহিন হোসেনের সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে অভিযুক্ত কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করে। সোমবার (২৩ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।